
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর একটি পরিকল্পিত অভিযানে লৌহজং এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৪ এপ্রিল ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১টা ১০ মিনিটে বৌলতলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১১০ পিস ইয়াবা, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৩ হাজার টাকা, উদ্ধার করা হয়। এ সময় মোঃ দেলোয়ার মৃধা (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
এছাড়া তার বিরুদ্ধে পূর্বেও লৌহজং থানা এলাকায় মাদক সংক্রান্ত মামলা রয়েছে বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃত আসামিকে উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাব জানিয়েছে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির আওতায় তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে।