
এনামুল হক, ত্রিশাল (ময়মনসিংহ):
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক ইনকিলাবের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোছা: জান্নাতী বেগম সভাপতি এবং দৈনিক কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুতাসিম বিল্লাহ সাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় সাংবাদিক সমিতির কার্যালয়ে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ তরিকুল ইসলাম জনি ও সাংবাদিক সমিতির সাবেক সভাপতি রাশেদুজ্জামান রনি।
নবনির্বাচিত সভাপতি মোছা: জান্নাতী বেগম বলেন, সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, সংগঠনের ঐক্য সুদৃঢ়করণ এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য। একই সঙ্গে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন থেকে সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিক সমাজকে আরও সোচ্চার করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ সাদ বলেন, এই দায়িত্ব তাঁর কাছে একটি আমানত। স্বচ্ছতা, নৈতিকতা ও মূল্যবোধের ভিত্তিতে দায়িত্ব পালনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের প্রতি ন্যায্যতা নিশ্চিত করতে কাজ করবেন তিনি।
কমিটির অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন—
সাংগঠনিক সম্পাদক: আখলাকুল হাসান অনিক (দৈনিক আমার দেশ)
কোষাধ্যক্ষ: মো. শাহিদুল ইসলাম সবুজ (ঢাকা মেইল)
দপ্তর সম্পাদক: রইসুল আরাফাত (দৈনিক কালের কণ্ঠ)
প্রকাশনা ও সাহিত্য সম্পাদক: আব্দুল্লাহ আল হাদী সিয়াম (আজকের পত্রিকা)
নবনির্বাচিত কমিটির কাছে সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।